রাজবাড়ী প্রতিনিধি | মহেশখালী নিউজ ডটকম
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় একটি গাড়ির চাপায় পেট্রোল পাম্পের এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ী ও সাবেক জেলা যুবদল নেতা আবুল হাশেম সুজন এবং তার গাড়িচালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রিপন সাহা (২৮) রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনের কর্মচারী। তিনি খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে একটি কালো রঙের পাজেরো জিপ করিম ফিলিং স্টেশন থেকে প্রায় পাঁচ হাজার টাকার অকটেন নেয়। তেল নেওয়ার পর গাড়ির আরোহীরা টাকা পরিশোধ না করেই দ্রুত পালানোর চেষ্টা করে।
এ সময় পাম্পকর্মী রিপন সাহা গাড়িটির সামনে দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করলে গাড়িটি তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ঘটনার সত্যতা নিশ্চিত হয়।
পরে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুড়ারিপুর এলাকা থেকে অভিযুক্ত আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
নিহতের বাবা পবিত্র সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে শুধু তার পাওনা টাকা চাইছিল। আমি এর সঠিক বিচার চাই।”
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় অভিযুক্তের গাড়ি চাপায় পাম্পকর্মী রিপন সাহার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।












































