নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শাপলাপুরে বিশাল মানববন্ধন

সরওয়ার কামাল মহেশখালী (কক্সবাজার), ১৪ ডিসেম্বর :

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুরুং বিল এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অলি বকসু হত্যা মামলায় কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে আসামি করার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শাপলাপুরের কায়দাবাদ (বারিয়াপাড়া) বাজারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, যুবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বক্তারা অভিযোগ করেন, মামলায় আব্দুল্লাহ, আমান উল্লাহ, একরাম এবং বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী মনিরসহ কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। তারা এ মামলাকে “কাল্পনিক, ভিত্তিহীন ও মিথ্যা” আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন,

> “ষড়যন্ত্রমূলকভাবে নিরীহ মানুষদের হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এই কাল্পনিক ও ভিত্তিহীন মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে নিরপরাধ ব্যক্তিদের নাম মামলা থেকে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”

 

শাপলাপুর বারিয়াপাড়া মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল হান্নান বলেন,

> “মামলার আসামি আব্দুল্লাহ বারিয়াপাড়া মডেল একাডেমির সভাপতি। তিনি একজন সৎ, নির্দোষ ও সম্মানিত ব্যক্তি। উসকানিমূলক পরামর্শের মাধ্যমে তাকে এই মামলায় জড়ানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

 

মানববন্ধনে উপস্থিত সমবেত নাগরিকরা বলেন, এ ধরনের মিথ্যা মামলা সামাজিকভাবে মানহানিকর এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে। তারা সমগ্র শাপলাপুরবাসীর পক্ষ থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দোষদের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, মহেশখালী উপজেলার শাপলাপুর মুরুং বিল এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত অলি বকসু হত্যা মামলায় সম্প্রতি পুলিশের তদন্ত সূত্রে উল্লিখিত কয়েকজন ব্যক্তিকে আসামি করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক অসন্তোষ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মানববন্ধন থেকে প্রতিবাদকারীরা আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্ত প্রক্রিয়ায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসে—সে বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।

পূর্বের খবরমগনামা–কুতুবদিয়া নৌরুটে সি-ট্রাক চালুর অবকাঠামো কাজ শুরু
পরবর্তি খবরমহেশখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত