বাংলাদেশ জামায়াতে ইসলামীতে’র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশীয় লবণ চাষিদের সুরক্ষায় বিদেশ থেকে লবণ আমদানি অবিলম্বে বন্ধ করতে হবে।
আজ শনিবার (৪ নভেম্বর ২০২৫) কুতুবদিয়া উপজেলার ৩ নং লেমশীখালী ইউনিয়নের তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ড. আযাদ বলেন, “দেশে পর্যাপ্ত লবণ মজুদ আছে। ইতোমধ্যে নতুন মৌসুমের উৎপাদন শুরু হয়েছে। তারপরও অপ্রয়োজনীয় লবণ আমদানির কারণে চাষিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।” তিনি আরও বলেন, স্থানীয় উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং লবণ শিল্প রক্ষায় সরকারকে এখনই কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।
তিনি উল্লেখ করেন, মহেশখালী–কুতুবদিয়ার লবণ চাষিরা কঠোর পরিশ্রমে দেশের বড় একটি চাহিদা পূরণ করেন। কিন্তু কম দামে বিদেশি লবণ বাজারে ঢুকে পড়ায় চাষিদের উৎপাদন ব্যয়ও উঠে না। এতে একদিকে চাষিরা লোকসানে পড়ছেন, অন্যদিকে স্থানীয় লবণ শিল্প ধ্বংসের মুখে পড়ছে।
ড. আযাদ অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি লবণের সঠিক মজুত, পরিবহন ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই খাত আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন।
এছাড়া তিনি বলেন, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনার পর ‘জুলাই সনদ’-এ সই করলেও পরে বিএনপি এর বিরোধিতা শুরু করেছে। তিনি এ অবস্থানকে “দেশ সংস্কারের বিরোধিতা” হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের ‘না’ ভোট প্রচারণারও নিন্দা জানান।
উক্ত সম্মেলনে ইউনিয়ন সেক্রেটারি খুরশেদ আলমের সঞ্চালনায় এবং সভাপতি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুতুবদিয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ আবু মুসা, বিশিষ্ট আলেম মাওলানা ইসমাঈল হোসেন কুতুবি, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আব্দুর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ











































