স্টাফ রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৫
রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে পূর্ণ আস্থার কথা জানিয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশন এখন শতভাগ প্রস্তুত।”
শনিবার ইটিআই, ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত কর্মশালায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা নিয়ে আলোচনা করেন।
তিনি জানান, সকালে নির্বাচন প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হয়েছে।
তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন,
“এখনো তফসিল ঘোষণার নির্দিষ্ট দিন ঠিক হয়নি।”
এর আগে ২৯ নভেম্বর মক ভোটিং পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তিনি আরও আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও অনুকূল হবে।












































