“জুলাই সনদের স্বীকৃতি না দিলে দেশে নির্বাচন মানা হবে না” — মাতারবাড়িতে ড. আযাদ

সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, “জুলাই সনদের আইনি ও সাংবিধানিক স্বীকৃতি না দিলে দেশে কোনো নির্বাচন সুষ্ঠু বা গ্রহণযোগ্য হবে না। জনগণ ভোটাধিকার রক্ষায় আবারও রাজপথে নামবে।”

১৪ আগস্ট মহেশখালীর মাতারবাড়িতে তৃণমূল দায়িত্বশীলদের কর্মশালায় অংশ নিয়ে ড. আযাদ বলেন, ৩৬ দিনের গণআন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও শহীদ ও আহতদের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি—যা ইতিহাসের প্রতি অবিচার। তিনি সতর্ক করে দেন, জনগণের ন্যায্য দাবি পূরণে ব্যর্থ হলে ২৪ জুলাইয়ের মতো রাজপথ আবারও আন্দোলনে উত্তাল হবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কালো টাকা ও সন্ত্রাসমুক্ত করতে হলে পি.আর. পদ্ধতিতে ভোট আয়োজন ছাড়া বিকল্প নেই। নির্বাচনী তফসিল ঘোষণার আগে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে, নইলে নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরবে না।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা উত্তর জামায়াতের আমির মাস্টার নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মৌলানা বশির আহমেদ। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বের খবরজনপ্রিয় ইনফ্লুয়েন্সার পিনাকী ভট্টাচার্য নিবিড় পর্যবেক্ষণে, সবার কাছে দোয়ার আহ্বান
পরবর্তি খবরনারী নির্যাতনে অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন : আইএসপিআর