জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে শুরু হচ্ছে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) সাধারণ পরিষদ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘ আয়োজিত এ বৈঠকে যোগ দিচ্ছেন অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি। তাঁদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সম্মেলনের মূল লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো মোকাবিলায় উদ্যোগ নেওয়া। বিশেষ গুরুত্ব দেওয়া হবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টিতে।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) হয়ে প্রতিনিধিত্ব করবে তুরস্ক আর উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) হয়ে অংশ নেবে কুয়েত।

এর আগে সোমবার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। বৈঠকে রাখাইনের গৃহযুদ্ধ পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপ, শিবিরে অর্থায়ন বৃদ্ধি এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উৎস- বাসস

পূর্বের খবরশিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা 
পরবর্তি খবরজাতিসংঘে সাক্ষাৎকারে ইউনূস বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ অস্বীকার