ছোট মহেশখালী, কক্সবাজার | প্রতিনিধি: সুবিচারপূর্ণ ও খোদাভীরু সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে এবং জনগণের দোরগোড়ায় ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছোট মহেশখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত এ সভা স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোজাম্মেল এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মোঃ সোহেল।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন। তাঁর বলিষ্ঠ ও দিকনির্দেশনামূলক বক্তব্যে উপস্থিত সবার মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার আমীর মাস্টার শামীম ইকবাল, যিনি ইসলামী সমাজ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া মহেশখালী পৌরসভা ও উপজেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদকগণ কুরআন ও হাদিসের আলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠার অপরিহার্যতা তুলে ধরেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সমাজ দুর্নীতি, অবিচার ও জুলুমে জর্জরিত। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠন। তারা জনগণকে আহ্বান জানান— ন্যায়বিচার, সমতা ও সত্যের ভিত্তিতে একটি খোদাভীরু সমাজ গঠনে জামায়াতের নেতৃত্বকে সমর্থন জানাতে।










































