উম্মাহর ঐক্য বিনষ্টকারী বক্তব্য অনভিপ্রেত: মাওলানা আবদুল হালিম

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, উম্মাহর ঐক্য ও আলিম-উলামাদের সম্প্রীতি বিনষ্ট করে—এমন বক্তব্য অনভিপ্রেত। বর্তমান সময়ে বিভাজনমূলক বক্তব্য ফ্যাসিস্ট পলাতক শক্তিকে উৎসাহিত করার সুযোগ তৈরি করতে পারে। মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব।
শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর-সভাপতি ও সেক্রেটারি, রুকন এবং অগ্রসর কর্মীদের নিয়ে আয়োজিত পৃথক তিনটি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতের বিরুদ্ধে অতীতে নানা নেতিবাচক বক্তব্য দেওয়া হলেও দলের আদর্শিক ও রাজনৈতিক অগ্রযাত্রা থেমে যায়নি। আদল-ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‘সুন্নাতে রাসূলের আলোকে জীবন গঠন’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, ঈমান-আকিদা, ইবাদত, পরিবার, সমাজ, ব্যবসা-বাণিজ্য ও রাষ্ট্র পরিচালনাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। পাশাপাশি রুকনদের ইলম, আমল ও ত্যাগ-কোরবানির মাধ্যমে সাংগঠনিক শপথের দাবি পূরণের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, চারিত্রিক শক্তিই ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান হাতিয়ার। নীতি-নৈতিকতা ও ইসলামী আদর্শে অবিচল থেকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণের ভিত্তি মজবুত করতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম বলেন, আত্মার পরিশুদ্ধি মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং পরিচ্ছন্ন অন্তর দুনিয়া ও আখিরাতের সফলতার গুরুত্বপূর্ণ ভিত্তি।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ এবং কক্সবাজার জেলা, উপজেলা ও সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

পূর্বের খবরমহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান