‘আবু সাঈদের ছবি ছাড়া কোনো ডকুমেন্টারি হতে পারে না’: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক-

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে বিপ্লবের প্রতীক আখ্যা দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি অন্তর্ভুক্ত নেই, সেটিকে কোনো পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না।

বুধবার (৫ আগস্ট) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডকুমেন্টারির বিভিন্ন ত্রুটির সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “ডকুমেন্টারিতে বেশ কিছু বড় ভুল চোখে পড়েছে। এর মধ্যে প্রধান ভুল হলো এতে শহীদ আবু সাঈদের ছবি না থাকা। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি ও মূল প্রতীক। এছাড়া এতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও বাদ পড়েছে।”

তবে এ ঘটনার প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ক্ষমা চাওয়ায় বিষয়টি এখানেই ইতি টানার আহ্বান জানান তিনি। জাতীয় সংসদের মতো অনুষ্ঠান থেকে ওয়াকআউটের সমালোচনা করে তিনি বলেন, “উপদেষ্টা ক্ষমা চাওয়ার পর আমাদের শান্ত থাকা উচিত ছিল। ঘটনাটিকে ধরে রেখে ওয়াকআউট করা একেবারেই সমীচীন হয়নি।”

বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এই সরকার আপনাদেরই নির্বাচিত প্রতিনিধি। আমাদের কোনো ভুল হলে তা সুধরে দেওয়ার অধিকার আপনাদের রয়েছে। তবে আমরা কখনো আওয়ামী লীগের মতো হব না, কারণ তাদের মধ্যে কোনো লজ্জাবোধ ছিল না।”

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজপথে ফেরার চক্রান্ত প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে ৮২ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা বলেন, “দেশে আসেন, রাজপথেই দেখা হবে। ২৭ বছর বয়সে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, ৮২ বছর বয়সে প্রয়োজনে আবারও করব। এ দেশের জনগণের শাসন ও স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা করেই আমরা থামব।”

পূর্বের খবরক্যাম্পাসে ফিরেছে ক্ষমতার রাজনীতি: অভ্যুত্থানের চেতনা ভেস্তে যাওয়ার শঙ্কা
পরবর্তি খবরশেখ হাসিনার ভারত যাত্রা: প্রকাশ্যে এলো গোপনীয় রেসকিউ মিশনের নতুন তথ্য