​৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করতে উখিয়ায় জামায়াতের প্রস্তুতি বৈঠক

উখিয়া প্রতিনিধি:

​গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ঘোষিত লংমার্চ সফল করতে প্রস্তুতি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা।

​উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, “আমরা নির্বাচনের পর সরকারকে সহযোগিতা করার কথা বলেছিলাম এবং সরকারের পক্ষ থেকেও গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার ছিল। কিন্তু দুঃখজনকভাবে সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসায় আমাদের রাজপথে নামতে হচ্ছে।”

​তিনি আরও বলেন, “আমরা এখনো আশাবাদী, রাজনৈতিক সংকট গভীর হওয়ার আগেই সরকার জনগণের দেওয়া গণভোটের রায় কার্যকরের পদক্ষেপ নেবে। এছাড়া বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এনে জনদুর্ভোগ নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণে দৃষ্টি আকর্ষণ করতেই আমাদের এই লংমার্চ।”

​উক্ত লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য তিনি জেলাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

​প্রস্তুতি বৈঠকে আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কারীম, শ্রমিক নেতা রিদুয়ানুল হক জিসান ও মুহাম্মদ রুহুল আমিনসহ স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পূর্বের খবররাখাইনে প্রত্যাবাসন শূন্য, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন অপরাধের অভয়ারণ্য