​মাতারবাড়ীতে প্রস্তাবিত ‘স্পেশালাইজড টেকনিক্যাল কলেজ’ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

সরওয়ার কামাল, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে প্রস্তাবিত ‘স্পেশালাইজড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ দ্রুত বাস্তবায়ন এবং নির্ধারিত জমি দখলের অপচেষ্টা বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের মাধ্যমে স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।

​স্মারকলিপিতে জানানো হয়, মাতারবাড়ীতে ১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দরের মতো মেগাপ্রকল্প বাস্তবায়নের জন্য বহু স্থানীয় পরিবার ভিটা-মাটি ও কৃষিজমি ছেড়ে দিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে ২০১৯ সালে জেলা প্রশাসনের এক সভায় এখানে একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়।

​পরবর্তীতে ২০২০ সালে মাতারবাড়ী ব্রিজের পূর্ব পাশে নির্ধারিত জমিতে মাটি ভরাট শেষে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও সরকারের যৌথ উদ্যোগে জমি অধিগ্রহণসহ প্রাথমিক প্রক্রিয়া শেষ হলেও এখনো শুরু হয়নি মূল নির্মাণ কাজ। উল্টো গত ৫ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে কিছু অসাধু চক্র কলেজের নির্ধারিত জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন:

  • মহেশখালী জনসুরক্ষা মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি: মোঃ হামেদ হোছাইন খোকা
  • সাধারণ সম্পাদক: মাওলানা মুহাম্মদ মহসিন
  • পরিবেশকর্মী: এমএ হান্নান
  • সাংবাদিকবৃন্দ: দৈনিক ইনকিলাবের মহেশখালী প্রতিনিধি মোঃ রমজান আলী, কালের কণ্ঠের প্রতিনিধি রকিয়ত উল্লাহ, সদস্য আব্দুল মোনাফ, আরফ আলী, ঝিনুক আক্তার প্রমুখ।

​স্মারকলিপি গ্রহণ করে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মারকলিপিটি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।”

​স্থানীয়দের দাবি, মেগাপ্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভবিষ্যৎ রক্ষা এবং তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এ প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।

পূর্বের খবরআদালতের নিষেধাজ্ঞা: দেশ ছাড়তে পারছেন না যুবলীগ চেয়ারম্যান পরশ ও তাঁর স্ত্রী
পরবর্তি খবরবড় মহেশখালীতে সামাজিক উদ্যোগে জামায়াত: মসজিদের অজুখানা মেরামতে আর্থিক সহায়তা