কক্সবাজার প্রতিনিধি:
দেড় বছর বয়সে ডাচ পরিবারের কাছে দত্তক হয়ে নেদারল্যান্ডসে পাড়ি জমালেও নাড়ির টানে বাংলাদেশে ফিরে এসেছেন ৪৬ বছর বয়সী সেলিনা গোমেজ। জন্মদাতা মা-বাবা ও স্বজনদের খুঁজে পেতে তিনি এখন কক্সবাজারের চকরিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করছেন।
পুরনো নথি অনুযায়ী ১৯৮১ সালে চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাটে জন্ম নেওয়া সেলিনা জানান, দত্তক পরিবারে বেড়ে উঠলেও নেদারল্যান্ডসে তিনি একা অনুভব করেন। শৈশবের স্মৃতি না থাকলেও পাসপোর্টের নথি ও মা-বাবার নামকে সম্বল করে শিকড়ের সন্ধানে নেমেছেন তিনি।
এদিকে সেলিনার লিফলেট দেখে চকরিয়া পৌরসভার বাসিন্দা আবু সৈয়দ নিজেকে তাঁর ভাই হিসেবে দাবি করেছেন। রোববার কক্সবাজারের একটি হোটেলে দুজনের দেখা হলে সেলিনা তাঁর ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করেন। ঢাকায় পরীক্ষা শেষে ফলাফলের ওপরই এখন নির্ভর করছে ৪৫ বছর ধরে চলা এই অনুসন্ধানের অবসান।














































