নিজস্ব প্রতিবেদক | মহেশখালী নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাইযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আল্লাহও আমাদের ছেড়ে দেবেন না। জনগণের রায়ে যে সিদ্ধান্ত আসবে, তা দেশের মাটিতে বাস্তবায়ন করা হবে। অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করব না।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাইযোদ্ধাদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর আন্দোলন ছিল না; এটি ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি এবং আন্দোলনের প্রশ্নে দলটি নীতিগত অবস্থান থেকে বিচ্যুত হয়নি।
তিনি আরও বলেন, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।














































