নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৬টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটের (বকুলতলা) সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি স্বামী মতিউর রহমান মতিনের সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন চোখের চিকিৎসার জন্য।
পুলিশ ও স্বজনরা জানান, সকালে স্বামীকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন রনজিনা। পথে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ছিনতাইকারীরা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। ঘটনার আগের ও পরের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন দুই ব্যক্তিকে মোটরসাইকেলে চলাচল করতে দেখা গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই এলাকায় পুলিশের টহল টিম থাকলেও ঘটনার সময় কোনো চেকপোস্ট ছিল না। ভোরের দিকে সড়ক ফাঁকা থাকার সুযোগে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
১৯৯১ সালে শিক্ষকতা পেশায় যোগ দেওয়া রনজিনা পারভীনের মাত্র এক বছর পর অবসরে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।











































