বিশেষ প্রতিবেদক _
রাজনৈতিক প্রতিপক্ষকে হুশিয়ারি দিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, এটি একটি সংক্রামক ব্যাধি। যার ভেতরে এটি প্রবেশ করে, সে-ই ফ্যাসিস্ট হয়ে ওঠে।
রোববার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জাতীয় সীরাত উদযাপন কমিটি আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.) এর নীতি ও আদর্শ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘চব্বিশের আন্দোলন ছিল শুধুই রিহার্সেল’
২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, “এই বিপ্লবকে যেন কেউ ‘ফাইনাল যুদ্ধ’ মনে না করে। এটি ছিল শুধুই একটি ‘রিহার্সেল’। চব্বিশের জেগে ওঠা মুক্তিকামী মানুষ মরেনি, তারা এখনও সজাগ দৃষ্টিতে দেশের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”
তিনি আরও অভিযোগ করেন, পতনের পর একটি বিশেষ দেশকে খুশি করতে বিগত সরকারের জুলুমের বহু তথ্য ও আন্দোলন-সংগ্রামের স্মৃতি গায়েব করা হয়েছে। এমনকি সীমান্তে ফেলানী হত্যা কিংবা সাবেক শিবির সভাপতি দেলাওয়ার হোসেনের ওপর নির্যাতনের ছবিও সরাতে দেখা গেছে।
‘নির্বাচনের আগে এক কথা, পরে অন্য কথা’
অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা নির্বাচনের আগে মদিনা সনদে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, এখন তাদের মাঝেই দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি দেখা যাচ্ছে। ক্ষমতা পাওয়ার পর মদিনা সনদকে মধ্যযুগীয় কায়দা বলতেও তারা দ্বিধা করছে না।
নৈতিক আদর্শ তৈরির আহ্বান
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, নৈতিকতাহীনতার কারণে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ব্যক্তির আচরণ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় রাসূল (সা.)-এর সীরাত অনুসরণের মাধ্যমেই কেবল একটি মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা।










































