নাগরিক নিরাপত্তায় নতুন মাত্রা**
সরওয়ার কামাল, মহেশখালী │
মহেশখালী পৌরসভার নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে আধুনিক প্রযুক্তিনির্ভর সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক চালু করা হয়েছে। পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, প্রতিষ্ঠান ও গোরাকঘাটা বাজার এলাকায় স্থাপন করা এসব ক্যামেরার কার্যক্রম তদারকির জন্য উদ্বোধন করা হয়েছে নতুন কন্ট্রোল রুম।
১১ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন করেন মহেশখালী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্।
উদ্বোধন শেষে তিনি বলেন,
“পৌর এলাকার সার্বিক নিরাপত্তা, জননিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা কার্যকর ভূমিকা পালন করবে। এ উদ্যোগের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে।”
পৌরসভার বিভিন্ন সড়ক, অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি-বেসরকারি স্থাপনা এবং গোরাকঘাটা বাজারের প্রবেশপথে স্থাপিত ক্যামেরাগুলো নবনির্মিত কন্ট্রোল রুম থেকেই পর্যবেক্ষণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তারা বলেন, পৌর প্রশাসনের এই পদক্ষেপ নাগরিক নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অপরাধ দমনকে আরও গতিশীল করবে।










































