মহেশখালী-কুতুবদিয়া প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২৫
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ কুতুবদিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গতকাল (বৃহস্পতিবার) দুপুর ২টায় কুতুবদিয়া উপজেলার হোটেল সমুদ্র বিলাসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ড. হামিদ আযাদ কুতুবদিয়া-মহেশখালীর উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন,
> “কুতুবদিয়া একটি সম্ভাবনাময় দ্বীপ। এর সবচেয়ে বড় সম্ভাবনা পর্যটন শিল্প। কক্সবাজারের মতো এখানেও দীর্ঘ সমুদ্র সৈকত, বাতিঘর, মালেক শাহ হুজুরের দরবার, বায়ুবিদ্যুৎ প্রকল্পসহ নানা পর্যটন স্পট রয়েছে। এই স্থানগুলোকে সঠিক পরিকল্পনায় দেশ-বিদেশে প্রচার করতে পারলে জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখা সম্ভব।”
ড. আযাদ আরও বলেন,
> “২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাত্র দুই বছর কাজ করার সুযোগ পাই। পরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে তিন বছর জেলে রেখেছিল, ফলে এলাকায় উন্নয়ন কাজ ব্যাহত হয়। কিন্তু এবার নতুন করে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ এসেছে।”
তিনি উল্লেখ করেন,
> “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্ত বাংলাদেশ এখন নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ পেয়েছে। জামায়াতে ইসলামী আমাকে কুতুবদিয়া-মহেশখালী আসনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমরা বিশ্বাস করি, উন্নয়নমুখী পরিকল্পনা ও সেবামূলক রাজনীতির ভিত্তিতে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে জনগণের রায় আসবে।”
সভায় কুতুবদিয়া জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাসান কুতুবী, যমুনা টেলিভিশনের এহসান কুতুবী, এনটিভির আবুল কাশেম, সি-প্লাস টিভির সুমন, সংবাদকর্মী আনিসুর রহমান হিরু, শাহেদুল ইসলাম মনির ও হানিফ কুতুবী প্রমুখ।










































