বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এবং হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ইমরান হোসেন বাবলু (২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ২ নম্বর গেইট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী থানার একটি সিভিল টিম তাকে আটক করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাবলুর বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সাজা ছাড়াও হত্যা, হুমকি ও একাধিক মামলার রেকর্ড রয়েছে। দুই দিন আগে তিনি মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ায় থানায় জিডিও করা হয়েছিল।
গ্রেপ্তার ইমরান হোসেন বাবলু চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গোয়ালপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি জাফর আহমদ হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামিও।
এর আগে ২০২৪ সালের ২২ অক্টোবর প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগে থানায় মামলা করতে এসে বাবলু নিজেই গ্রেপ্তার হন। পরে তদন্তে জানা যায়, তিনি ওই সময়ও চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। একই ঘটনায় আরও দুই যুবক—দেলোয়ার ও ইকবাল—আটক হয়েছিলেন।
তদন্ত সূত্রে জানা যায়, ঐ প্রাইভেটকার ভাঙচুর মামলা ও পরবর্তী চার্জশিট নিয়ে বিতর্ক তৈরি হয়। বাদী রেজাউল করিম পরে আদালতে আবেদন করে ১১ জন নিরপরাধ আসামিকে বাদ দেওয়ার অনুরোধ জানান, তবে আদালত তা নথিভুক্ত করলেও কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে একই ঘটনার জের ধরে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা দায়ের করা হয়, যেখানে ২৬ জনকে আসামি করা হয়। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, “একই ঘটনায় একাধিক মামলা দায়ের করা আইনসম্মত নয়।”
স্থানীয়দের অভিযোগ, জমি-বিরোধ ও রাজনৈতিক প্রভাবের কারণে এসব মামলায় নিরপরাধ মানুষ জড়িয়ে পড়ছেন।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর কেবল চার্জশিটটি অগ্রবর্তী করেছি। তদন্ত পুরোটাই আগের কর্মকর্তার করা।”










































