সরওয়ার কামাল, মহেশখালী | ২৩ সেপ্টেম্বর
সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে নৌবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় এ অভিযান চালানো হয়। নৌবাহিনীর বিশেষ টিমের অভিযানে সন্ত্রাসী আনসারুল করিম ও নুরুল আলমকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি এলজি, একটি দু’নলা দেশীয় বন্দুক, ছয়টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, আটককৃতরা মহেশখালী থানার অস্ত্র, মাদক, চুরি, হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলার আসামি। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











































