সাড়ে ৫২ হাজার প্রিজাইডিং অফিসারের তালিকা প্রস্তুত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে সারা দেশে সাড়ে ৫২ হাজার প্রিজাইডিং অফিসারের খসড়া তালিকা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকরা (ডিসি) এই তালিকা তৈরি করেছেন। তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে আগে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব ছিলেন—এমন কর্মকর্তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। ডিসির প্রস্তুত করা প্রিজাইডিং অফিসারের তালিকা মাঠ পর্যায়ে যাচাইবাছাই শুরু হয়েছে। ইসির মাঠ পর্যায়ের একাধিক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইত্তেফাককে বলেন, প্রিজাইডিং অফিসারের তালিকা প্রস্তুতের জন্য আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তারা হয়তো নিজেরাই করতে পারে। তবে রবিবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির সংশ্লিষ্টরা বলছেন, আগামী সংসদ নির্বাচনে জেলা প্রশাসকরাই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। আর উপজেলা নির্বাহী অফিসাররা সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন। সেই হিসেবে মৌখিক নির্দেশনায় জেলা প্রশাসকরা প্রিজাইডিং অফিসারদের তালিকা প্রস্তুত করছেন। একইভাবে জেলা প্রশাসকদের মৌখিক নির্দেশনায় ইউএনওরা প্রিজাইডিং অফিসারের তালিকা করেছেন।

কোনো কোনো ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে উপজেলা নির্বাচন কর্মকর্তার সহযোগিতা নেওয়া হয়েছে। আবার অনেক জায়গায় উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে অবগত নন।

প্রিজাইডিং অফিসারের তালিকা প্রস্তুত কাজে যুক্ত একাধিক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে যে সব প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন কিন্তু এখনো চাকরিরত আছেন তাদের পুনরায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। যারা চাকরিতে নেই তাদের জায়গায় নতুন করে রিপ্লেস করা হচ্ছে।

সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৬ আগস্ট সারা দেশে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। খসড়ায় ভোটকেন্দ্র ছিল ৪২ হাজারের মতো। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ১৮৩টি। রবিবার চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৯১৪টি।

পূর্বের খবরমার্কিন দূতাবাসে বরখাস্ত ডিএজি এমরান, চাইলেন রাজনৈতিক আশ্রয়
পরবর্তি খবরভিসানীতির প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র