সারা দেশে নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী সোমবার আসরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি বের হবে।
শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। বিশেষ করে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাসা-বাড়ি, পরিবারের সদস্য এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনাকে ‘বর্বর হামলা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে রাজপথে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে এবং ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তাদের কাছে রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, নির্বাচনে ব্যাপক জয়ের মাধ্যমে ক্ষমতায় যেতে চলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতাকর্মীরাই এসব সহিংসতার সঙ্গে জড়িত।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।










































