ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজধানীর মাতুয়াইল আর ধোলাইখাল রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। এসব এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় এবং বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার সাংবাদিকদের বলেন, যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকার পরিস্থিতি খুব বেশি ভালো না, আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিএনপি নেতাকর্মীরা বেরিয়ে এসে আগুন দিচ্ছে। এখন পর্যন্ত তারা সাত-আটটি গাড়িতে আগুন দিয়েছে।
তবে এসব আগুনের ঘটনার অন্তত একটি পুলিশের সামনেই ঘটেছে বলে দাবি করেন ওই বাসটির চালক। তিশা পরিবহনের চালক মো. সানাউল্লাহ বলেন, হঠাৎ করে মোটরসাইকেলে তিনজন আসল। দুজন গাড়ির ভেতরে ঢুকে আমাকে টেনেহিঁচড়ে নামিয়ে দিল। এরপর পেট্রল ঢেলে ভেতরে আগুন ধরিয়ে দিল। আশপাশে তো পুলিশও ছিল। আমি জানের ভয়ে দূরে সরে গেছি।
উৎসঃ দেশ রূপান্তর












































