কক্সবাজার, ১৫ জুলাই ২০২৬: আকস্মিক বন্যা ও পাহাড়ধস-ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি ও অন্যান্য বিপদ এড়াতে জনসচেতনতামূলক জরুরি প্রচার শুরু করেছে জেলা তথ্য অফিস, কক্সবাজার। বুধবার পেকুয়া, মাতামুহুরী ও চকরিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এ প্রচার চালানো হয়।
জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার বলেন, বন্যা-পরবর্তী সময়ে রোগব্যাধি ও নানা ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই জনগণকে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে অবহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জরুরি বার্তায় বিশুদ্ধ বা ফুটানো পানি পান, ঘরবাড়ি ও আসবাবপত্র জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, সাপ ও ক্ষতিকর পোকামাকড় থেকে সতর্ক থাকা এবং বন্যায় মারা যাওয়া গবাদিপশু বা হাঁস-মুরগি মাটিচাপা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যসংক্রান্ত জরুরি প্রয়োজনে সরকারি স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন ১৬২৬৩ অথবা নিকটস্থ কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।












































