বড় মহেশখালীতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

সরওয়ার কামাল, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বড় মহেশখালী নতুন বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল, প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান, তদন্ত ওসি প্রতুল কুমার শীল, ইউপি সদস্য শফিউল আলম ও আলী আকবর।

​এছাড়াও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আনছার উল্লাহ বি.এ, বড় মহেশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোক্তার আহমেদ, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কর্মকর্তা মো. আব্দুল হাকিম ও এনামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।

​কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে মাদকবিরোধী নানা সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। পরে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত পথসভায় বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

​পথসভায় মহেশখালী থানার ওসি মো. আব্দুস সোলতান বলেন, “মাদকের বিরুদ্ধে মহেশখালী থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও পুলিশকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক কারবারি কিংবা সরবরাহকারী কাউকে ছাড় দেওয়া হবে না।”

​সম্পূর্ণ মহেশখালী উপজেলাকে মাদকমুক্ত করতে স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পূর্বের খবরএকনেকে ৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প পাস: অগ্রাধিকার গ্রামীণ সড়ক সংস্কার ও সৌরবিদ্যুৎ উৎপাদনে
পরবর্তি খবরমহেশখালীতে লাইসেন্সবিহীন তেল বিক্রি: ৬ প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা ৬০ হাজার