গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ মাছ ধরার নৌযানকে; ১৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট

উত্তর উড়িষ্যা ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত বিশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হয়, গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে বর্তমানে উত্তর উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিমমুখী হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, পৃথক আরেকটি বিশেষ আবহাওয়া বুলেটিনে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী আবহাওয়া পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজন হলে নতুন নির্দেশনা ও সতর্ক সংকেত জারি করা হবে। উপকূলীয় এলাকার বাসিন্দা, নৌযান এবং জেলেদের সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পূর্বের খবরহবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে সংঘর্ষ: ছাত্রশক্তি নেতার চোখ হারানোর আশঙ্কা, বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ
পরবর্তি খবর১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে ইউএস-বাংলার বহরে আসছে ২১ নতুন বোয়িং উড়োজাহাজ