সরওয়ার কামাল মহেশখালী-৬ অক্টোবর
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি মতবিনিময় করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন চৌধুরী, মহেশখালী থানার (ওসি) মো. আব্দুস সোলতান এবং ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলসহ সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় দুর্গাপূজার মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।













































