সরওয়ার কামাল, মহেশখালী (৪ আগস্ট):
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ছাদেরকাটা পাহাড়ি এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ।
আজ ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে বন বিভাগের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ছাদেরকাটা পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে তুলে রাখা বালির বেশ কয়েকটি স্তূপ জব্দ করা হয়। পরে পরিবেশের ক্ষতি রোধ এবং বালি পাচার ঠেকাবে জব্দকৃত বালির স্তূপগুলো ট্রাক বা অন্য কোনো যানবাহনে তোলার অযোগ্য করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পাহাড় ও বনাঞ্চল থেকে অবৈধ বালি তোলা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের যেকোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছেন।












































