সরওয়ার কামাল , মহেশখালী:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (১৯ আগস্ট) বিকালে নতুন কমিটির নেতৃবৃন্দ মহেশখালীতে পৌঁছালে হাজারো নেতাকর্মী তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
পুরাতন জেটিঘাট থেকে শুরু হওয়া একটি বিশাল শো-ডাউন পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নবগঠিত কমিটির সভাপতি মো. এনামুল করিমের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী। তিনি বলেন, “দলের প্রতিটি স্তরে ঐক্য বজায় রেখে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কৃষকদলকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শাহাব উদ্দিন, যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার পাশা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কাশেম।
সংবর্ধনা সভার বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনের সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমেই বিএনপির সাংগঠনিক লক্ষ্য অর্জন সম্ভব।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সহ-সভাপতি মনজুর আলম বাবুল, যুগ্ম সম্পাদক রশিদ আহমদ ও শহীদুল আলম সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল, দপ্তর সম্পাদক রেজাউল করিম নুর, প্রচার সম্পাদক জসিম উদ্দিন ও অর্থ সম্পাদক ছৈয়দুল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









































