সরওয়ার কামাল, মহেশখালী (২ আগস্ট):
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রবিবার (২ আগস্ট) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে।
মহেশখালী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রামপ্রসাদ দাশের নেতৃত্বে প্রতিনিধি দলটি মাতারবাড়ীর বিভিন্ন এলাকা ঘুরে দেখে। এ সময় প্রস্তাবিত জমির উপযোগিতা, যাতায়াত ব্যবস্থা এবং আশপাশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজবাহ উদ্দিন মজিদী উপস্থিত ছিলেন। তিনি এলাকাটির জন্য ফায়ার স্টেশনের প্রয়োজনীয়তা তুলে ধরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয়দের অভিমত:
মাতারবাড়ীতে দ্রুত শিল্পায়ন হচ্ছে এবং জনসংখ্যাও বাড়ছে। ফলে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য এখানে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন গড়ে তোলা অত্যন্ত জরুরি। স্টেশনটি নির্মিত হলে মাতারবাড়ীসহ আশপাশের ইউনিয়নের মানুষ দুর্যোগের সময় দ্রুত সেবা পাবে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই স্থান পরিদর্শনের মাধ্যমে মাতারবাড়ীতে ফায়ার স্টেশন নির্মাণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।













































