কুতুবদিয়ায় তৃণমূল মহিলা কর্মী সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, “নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করার একমাত্র পথ ইসলাম।” তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নারীর অধিকার নিয়ে কথা বললেও তাদের শাসনামলে নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছনা, বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) উত্তর ধুরুং ইউনিয়নে তৃণমূল মহিলা কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরের শাসনে ইভটিজিং, স্লাট-শেমিং ও ধর্ষণ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল।
এসময় তিনি সংস্কারবিরোধীদের সমালোচনা করে বলেন, দীর্ঘ আলোচনা ও জুলাই সনদে স্বাক্ষরের পরও বিএনপি এখন এর বিরোধিতা করছে, যা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের আহ্বান জানান।
উত্তর ধুরুং ইউনিয়ন মহিলা বিষয়ক সম্পাদক কাউসার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির ও সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন সভাপতি সৈয়দুল আলম, সেক্রেটারি ডা. ইলিয়াসসহ অন্যান্য নেতৃবৃন্দ।










































